পরীমণির বিরুদ্ধে এবার গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন তার সাবেক গৃহকর্মী পিংকি আক্তার। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ মামলাটি দায়ের করা হয়। মামলায় পরীমনিকে প্রধান আসামি এবং সৌরভকে দ্বিতীয় আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান জানান, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দায়িত্ব দিয়েছে। আগামী ৮ মে’র মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের মার্চে পিংকি আক্তার কাদের এজেন্সির মাধ্যমে পরীমনির বাসায় গৃহপরিচারিকার কাজ নেন। কাজের মধ্যে শিশু দেখাশোনা ও রান্না করাও অন্তর্ভুক্ত ছিল। চলতি বছরের ২ এপ্রিল দুপুরে মাদকাসক্ত অবস্থায় পরীমনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন, যাতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর হাসপাতালে যেতে চাইলে সৌরভ তাকে বাধা দেন এবং পরীমনিকে আরও নির্যাতনে উৎসাহ দেন বলে অভিযোগ করেন পিংকি।
পরিস্থিতির অবনতি হলে পিংকি ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এরপর ৪ এপ্রিল ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। অভিযোগ অগ্রসর না হওয়ায় আদালতের দ্বারস্থ হন।
এদিকে ব্যক্তিগত সময় কাটাতে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন চিত্রনায়িকা পরীমণি। এর মধ্যেই তার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের মামলা দায়ের হওয়ায় ফের আলোচনায় উঠে এসেছেন তিনি।


















































