কাশ্মীর এর পহেলগামে ভয়াবহ হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা (ভারত ও পাকিস্তান) কোনো না কোনো উপায়ে এই সমস্যার সমাধান করে নেবে।
২৫ এপ্রিল (শুক্রবার) প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিক্যানে যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, “আমি ভারতের খুব ঘনিষ্ঠ, আর পাকিস্তানের খুব কাছের, আর কাশ্মীরের লড়াই হাজার বছর ধরে চলছে। কাশ্মীর হাজার বছর ধরে চলছে… সম্ভবত তার চেয়েও বেশি সময় ধরে। এটি একটি খারাপ ঘটনা।”
কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিচ্ছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ট্রাম্প বলেন, “আমি নিশ্চিত যে তারা কোনো না কোনোভাবে এটি সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, কিন্তু সবসময়ই ছিল।”
এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “এটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমরা এটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তবে, বর্তমানে কাশ্মীর বা জম্মুর পরিস্থিতি নিয়ে আমরা কোনো অবস্থান গ্রহণ করছি না। “
গত ২২ এপ্রিল (মঙ্গলবার) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি। এটি ২০১৯ সালের পর ভারত-শাসিত কাশ্মীরে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।
এই হামলার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী না করলেও, বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও, এবং এই হামলা দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।


















































