আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী চৌধুরি আনোয়ারুল হক ভারতকে সতর্ক করে দিয়েছেন যে, পাকিস্তানের সীমান্তে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ভারতকে চূড়ান্ত জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, ভারতের পক্ষে পাকিস্তানের সীমানা লঙ্ঘন করার সাহস নেই।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আজাদ কাশ্মিরের আইন সভায় এক ভাষণে তিনি এসব মন্তব্য করেন।
চৌধুরি আনোয়ারুল হক ভারতকে চাণক্যনীতির অনুসরণকারী হিসেবে অভিহিত করে বলেন, ভারতের কূটনৈতিক অবস্থানকে তিনি “কূটনীতির আড়ালে ছুরি মারার” মতো কিছু মনে করেন। তিনি আরও জানান, ভারত যে মিথ্যাচার প্রচার করছে, তা ইতোমধ্যেই উদঘাটিত হয়েছে।
আজাদ কাশ্মিরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ভারতকে সতর্ক করেন আনোয়ারুল হক। তিনি বলেন, ভারত যদি কোনো ধরনের দুঃসাহসিকতা দেখায়, তবে পাকিস্তান উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে।
এছাড়া, তিনি অভিযোগ করেন যে, ভারত গত এক বছর ধরে “পানির আগ্রাসন” চালাচ্ছে এবং পূঁছ ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা পাকিস্তানের বিরুদ্ধে একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।
মোদি সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, বিশ্ব আজ বুঝতে পেরেছে যে, মোদির ভারত রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসকে ব্যবহার করছে, আর এটি কানাডা থেকে কাশ্মির পর্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে।


















































