জনপ্রিয় গায়ক তাসরিফ খান মানুষের ভণ্ডামি, নোংরামি ও দুর্নীতিতে বিরক্ত হয়ে দেশ ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। সময় সংবাদের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, “দেশে থাকার মতো পরিবেশ অবশ্যই আছে। কিন্তু কিছু বিষয় মেনে নিতে পারি না।”
তিনি বলেন, “যানজট মেনে নিতে পারি, আঘাতও সহ্য করতে পারি—কিন্তু নোংরামি সহ্য হয় না। চারপাশে সবাই ভণ্ড। সামনাসামনি ভাই ডাকে, পেছনে ছুরি মারে। এগুলো অসহ্য।”
তাসরিফ জানান, তিনি এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকেন এবং সামাজিক মাধ্যমে পোস্ট দেন বলেই অনেকের শত্রু হয়ে যান। তার ভাষায়, “এ দেশের সবচেয়ে বড় সমস্যা—পক্ষ না নিলে কারও বন্ধু হওয়া যায় না, শুধু শত্রু বাড়ে।”
তিনি আরও বলেন, “যদি আমি দুর্নীতিবাজদের ধরতে যাই, ২ টাকা থেকে ২ কোটি টাকার দুর্নীতি চোখে পড়বে। সবখানে সমস্যা। এসব নিতে পারি না বলেই দেশ ছাড়ার কথা ভাবছি।”
উল্লেখ্য, ‘কুঁড়েঘর’ ব্যান্ডের মাধ্যমে সংগীতজগতে পা রাখেন তাসরিফ খান। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন গান ‘পাহাড় যাব’।


















































