জয়পুরহাটের কালাই উপজেলার বহুল আলোচিত ডাকাতি মামলার প্রধান আসামি মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এর আগে, গত বৃহস্পতিবার রাতে তাকে আক্কেলপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামে কছিম উদ্দিন ফকিরের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। ডাকাতরা টয়লেটের ছাদ ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, চারটি বিদেশি গরু, চাল, কাপড়সহ প্রায় ১১ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে।
ঘটনার পরদিন কালাই থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযুক্তদের শনাক্ত করে। তারই ধারাবাহিকতায় মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জয়পুরহাটের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


















































