ইরান একাধিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। শনিবার (১৪ জুন) গভীর রাতে চালানো এ হামলায় কেঁপে ওঠে পুরো ইসরায়েলি ভূখণ্ড। এখন পর্যন্ত ১২ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সবচেয়ে বড় ধাক্কা এসেছে হাইফা শহরে। সেখানে তামরা এলাকার একটি জ্বালানি কেন্দ্রে ভয়াবহ আগুন লাগে। হামলায় হাইফাসহ বিভিন্ন জ্বালানি কেন্দ্র, বিমানবন্দর এবং সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। ইরানের দাবি, হাইফার জ্বালানি সংরক্ষণ কাঠামোর বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের আবাসিক এলাকায় তিনজন ইসরায়েলি নিহত হয়েছেন।
ইরান আগেই এই বড় হামলার ইঙ্গিত দিয়েছিল। তারপরও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়।
এই ঘটনার আগে ইসরায়েল হামলা চালায় ইরানের দক্ষিণাঞ্চলের বড় গ্যাসক্ষেত্র ও বন্দর আব্বাসে। এতে শাহরান তেল মজুদ কেন্দ্র ও প্রতিরক্ষা দফতর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শাহরান থেকেই তেহরানে জ্বালানি সরবরাহ হতো।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা তেহরানে পৌঁছানোর পথ পেয়ে গেছি। আয়াতুল্লাহ প্রশাসনের প্রতিটি ভবন ধ্বংস করবো। ইরানের ২০ হাজার মিসাইল ও পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা ব্যর্থ করে দেব।”


















































