২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেয়ার বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২০ মে) অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দুটি পৃথক বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, “মহার্ঘ ভাতা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।” তবে মহার্ঘ ভাতার হার সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।
ড. সালেহউদ্দিন আরও জানান, বিষয়টি নিয়ে একটি কমিটি কাজ করছে। তারা সুপারিশ দিলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। “মহার্ঘ ভাতা দেয়ার সম্ভাবনা মোটামুটি আছে, তবে বাজেটে কী পরিমাণে অন্তর্ভুক্ত করা সম্ভব, তা নির্ধারণে আরও কিছুটা সময় লাগবে,” তিনি বলেন।
ভারত কর্তৃক কিছু বাংলাদেশি পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে। সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করে।
এছাড়া, এনবিআরকে দুটি পৃথক বিভাগে ভাগ করার অধ্যাদেশ কার্যকরের পর রাজস্ব কর্মকর্তাদের অবস্থান নিয়ে সরকার নতুন করে কিছু বলার নেই বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।


















































